
স্টাফ রিপোর্টার:
শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করেছেন জামালপুরের ইসলামপুরে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া। তিনি ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের মোজাআটা গ্রামের মো. সিরাজুল ইসলাম (চান মাস্টার) এর ছেলে। বৃহস্পতিবার দিনব্যাপী ইসলামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি নেকজাহান পাইলট উচ্চ বিদ্যালয়, ইসলামপুর উচ্চ বিদ্যালয়, সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা কলেজ, জে জে কে এম গার্লস স্কুল এন্ড কলেজ, পচাবহলা উচ্চ বিদ্যালয় ও পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে মতবিনিময় এবং শিক্ষা উপকরণ প্রদান করেন তিনি। এসময় তিনি ইসলামপুর আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের দোয়া ও সহোযোগীতা কামনা করেন।
জানাগেছে, অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া বর্তমানে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী হিসেবে নিয়োজিত আছেন। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে সম্পৃক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে গ্রেফতার ও নির্যাতনের শিকারও হয়েছেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-আইন সম্পাদক এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য এবং ইসলামপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য। তিনি বাংলাদেশ ইলেকশন কমিশন ও বাংলাদেশ ব্যাংক সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানে প্যানেল আইনজীবী হিসেবে নিয়োজিত আছেন।