রবিবার, আগস্ট ৯, ২০২৬
Home অপরাধসাংবাদিক নাদিম হত্যাকান্ডে জড়িতদের নিয়ে চার্জশিট ও খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যাকান্ডে জড়িতদের নিয়ে চার্জশিট ও খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন

by দৈনিক নিকতি
০ comments

স্টাফ রিপোর্টার:
বাংলা নিউজ ও একাত্তর টিভির সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় জড়িত সব আসামিকে দ্রুত চার্জশিটে অন্তর্ভুক্ত করে হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব। শনিবার (৮ আগস্ট) দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রয়াত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম, তার বাবা হাজী মো. আব্দুল করিম, সাংবাদিক বজলুর রহমান, সাজ্জাদ আনসারী, কাফি পারভেজ, শওকত জামান, জুলফিকার জাহিদ হাবিব, মোজাহিদ বাবু, জাকারিয়া জাহাঙ্গীর, জিএম ফাতিউল হাফিজ বাবুসহ সাংবাদিক নেতারা।

মানববন্ধনে নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বিচার নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, তিন বছর পেরিয়ে গেলেও হত্যা মামলার কোনো কুলকিনারা হচ্ছে না। বিচার ও পরিবারের নিরাপত্তা নিয়ে তারা মানবেতর অবস্থায় আছেন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, তিন বছরেও সাংবাদিক নাদিম হত্যা মামলার তদন্ত শেষ হলেও প্রকৃত হত্যাকারীদের বিচারের আওতায় আনা হয়নি। তারা অভিযোগ করেন, আসামিদের স্বজন সাবেক এআইজি মুখলেছুর রহমান পান্না ও এএসপি রেদুয়ান রনির প্রভাবের কারণে ‘ফরমায়েশি চার্জশিট’ দেওয়া হয়েছে। তারা এ ধরনের চার্জশিট প্রত্যাখ্যান করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

বক্তারা সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি মাহবুবুল আলম বাবু চেয়ারম্যান, তার ছেলে রিফাতসহ হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে জামালপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

You may also like